সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী
১৮ ঘন্টা আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬
জাতীয় দলের সতীর্থদের সঙ্গে মেসি। ফাইল ছবি (রয়টার্স)
বিশ্বকাপের শেষটা প্রত্যাশামতো হয়নি আর্জেন্টিনার। নিউজার্সির ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ ধরে রাখার অভিযান থেমে যায় আলবিসেলেস্তেদের। তবে ফাইনালে হারলেও পরে মেসি জানিয়েছেন, এই দল যা করেছে, তাতে তিনি গর্বিত। শুধু বার্তা দিয়েই থেমে থাকেননি আর্জেন্টিনা অধিনায়ক, সতীর্থদের জন্য বিশেষ উপহারও দিয়েছেন তিনি।
তা জাতীয় দলের সতীর্থদের দেওয়া উপহারের বক্সে কী কী দিয়েছেন মেসি? আর্জেন্টিনা দলের কেউ সেটি নিয়ে প্রকাশ্যে কিছু না জানালেও উপহারের রহস্য ফাঁস করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির বান্ধবী কেলসি-রোজ বোয়ার্স। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এই রহস্য উন্মোচন করেন তিনি।
সেনেসির বান্ধবী জানিয়েছেন, মেসি আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে তৈরি একটি করে ব্যাকপ্যাক উপহার দিয়েছেন। সেই ব্যাগে ছিল সোনালি রঙের একটি ‘স্ট্যানলি কাপ’, যা মূলত ভ্রমণের সময় ‘মাতে’র পানীয় বহনের জন্য ব্যবহার করা হবে।
ইনস্টাগ্রাম পোস্টে কেলসি রোজ বোয়ার্স লিখেছেন, ‘এটা ওর (সেনেসির) মাতের জন্য। মেসি সব খেলোয়াড়কে একটি করে মাতে রাখার জন্য সোনালি স্ট্যানলি দিয়েছেন। মার্কোস এটি আমাকে দিয়েছে, যেন আমি নিরাপদে রাখি এবং মায়ামিতে নিয়ে যাই।’
তা মাতে বলতে কী বোঝায়? মাতে হলো ‘ইয়ারবা মাতে’ নামের গাছের পাতা দিয়ে তৈরি ক্যাফেইনসমৃদ্ধ একটি ভেষজ পানীয়। সাউথ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ব্রাজিল ও চিলির মতো দেশগুলোতে এটি ব্যাপক জনপ্রিয়।