যানজটে সড়কে আটকে গেল ট্রেন, ভিডিও ভাইরাল
৯ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
সংগৃহীত ছবি
সড়ক ও মহাসড়কে যানজটে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল আটকে থাকার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে যানজটের কারণে ট্রেন আটকে পড়ার ঘটনা খুবই বিরল। সম্প্রতি চট্টগ্রাম নগরে এমনই এক ব্যতিক্রমী দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। সেদিন সড়কের তীব্র যানজটের মধ্যে একটি পণ্যবাহী ট্রেন রেলক্রসিংয়ে এসে আটকে যায়। ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।
রেলওয়ের কর্মীদের তথ্য অনুযায়ী, ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য বহন করে হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনের দিকে যাচ্ছিল। দুপুর থেকে বিকেলের মধ্যবর্তী কোনো এক সময়ে ট্রেনটি সল্টগোলা রেলক্রসিংয়ে পৌঁছালে সড়কে চলাচলরত কাভার্ড ভ্যান ও লরির চাপে সেটি আটকে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রেনটির ইঞ্জিন সড়কের ওপর উঠে এসেছে। ট্রেন আসার পরও যানবাহনের চলাচল বন্ধ হয়নি। বরং কাভার্ড ভ্যান ও লরিসহ বিভিন্ন যানবাহন রেলক্রসিংয়ের ওপর দিয়েই চলাচল করতে থাকে। এর ফলে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয়। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে কয়েক দফা হুইসেল দেওয়া হলেও গাড়ি চলাচল বন্ধ হয়নি এবং শেষ পর্যন্ত ট্রেনটি সড়কের মাঝেই থেমে যেতে বাধ্য হয়।
চট্টগ্রামের গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, সল্টগোলা ক্রসিংয়ে ট্রেন আটকে যাওয়ার ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি বলেন, ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিজিপিওয়াই স্টেশনে যাচ্ছিল এবং সম্ভবত বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে, কারণ ওই সময় সড়কটিতে যানজট বেশি থাকে।
তিনি আরও বলেন, সল্টগোলা ক্রসিং সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় আট কিলোমিটার নির্ধারিত। পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রে গতি আরও কম থাকে। কিন্তু অনেক গাড়িচালকের ধৈর্যের অভাব রয়েছে। কার আগে কে পার হবেন—এই প্রতিযোগিতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।