প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর: দ্বিগুণ হচ্ছে বেতন
২৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
সংগৃহীত ছবি
নবম জাতীয় পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই নতুন পে স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা প্রাথমিকের শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সুপারিশ নিয়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও বাস্তবায়ন হলে শিক্ষকদের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
শুধু শিক্ষকই নন, সরকারি চাকুরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্যও তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে এই নতুন পে স্কেলে। এর পাশাপাশি টিফিন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশও করা হয়েছে।
তবে নতুন পে স্কেল নিয়ে সরকারি শিক্ষকদের মনে স্বস্তি ফিরলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার পাশাপাশি কিছু শঙ্কাও তৈরি হয়েছে। নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো একই হারে বেতন-ভাতার সুবিধা পাবেন কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। এই নীতিগত অনিশ্চয়তার কারণে দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে উদ্বেগ বাড়ছে।