যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে সাইফ উদ্দিনের যে প্রত্যাশা
১২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
সংগৃহীত ছবি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ বিলুপ্ত করে গঠিত হয়েছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৯ আগষ্ট) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও।একই সঙ্গে চেয়েছেন ক্রীড়াঙ্গনের সংস্কারও।
এ পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টাকে। আসিফ মাহমুদ কুমিল্লার সন্তান অন্যদিকে পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে সাইফউদ্দিন। সেই দিকটি সামনে এনে আসিফ মাহমুদের প্রতি একটি অনুরোধ রাখছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
তিনি লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন। দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা।’
সাইফউদ্দিন আরো বলেন, ‘ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’