যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৈশ্বিক তেল সরবরাহে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।’
এর আগে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে অবরোধ চলবে বলে জানান। ট্রাম্প বলেন, ‘হরমুজ সম্পূর্ণ উন্মুক্ত ও ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।’ ট্রাম্পের এই ঘোষণার আগে ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।