দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শেষ করবে—তবে যখন তারা নিশ্চিত হবে যে, ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।’’
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘‘যদি প্রতিপক্ষরা নিশ্চিত করে আবার সংঘাত হবে না তাহলেই কেবলমাত্র যুদ্ধ শেষ করার ব্যাপারে তেহরান আগ্রহ দেখাতে পারে।’’
এদিকে, মিত্র দেশগুলোরও কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যেন হরমুজ প্রণালী থেকে নিজেরাই তেল সংগ্রহ করে, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করতে পারবে না।
এদিকে, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত তিনজন।
মঙ্গলবার বৈরুতের ঠিক বাইরে খালদে এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।