বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাবেন শিক্ষকরা

Megna Tv

১ দিন আগে বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬


#
সংগৃহীত ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আবেদন শুরুর পূর্বে শিক্ষকদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মাউশির একটি সূত্র জানিয়েছে, ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউশি। তবে তারও পূর্বে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে।

সূত্রের তথ্য বলছে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড শিক্ষকদের পাসওয়ার্ড দেবে। তবে এই কাজটি তারা এখনো করতে পারেনি। এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে। শিক্ষকরা পাসওয়ার্ড পেলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষকরা নতুন করে পাসওয়ার্ড পাবেন। পূর্বে যে লিংক দেওয়া হয়েছিল ওই লিংকের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদন করতে হবে। টেলিটকের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত আইডি-পাসওয়ার্ড পাঠানো শুরু করবে।

জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের সময় শেষ হয় গত ২৫ জুন। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ছিল ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন শেষ হয়। আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সেই সময় শেষ হলেও বদলি আবেদন শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো সম্ভব হয়নি। এ অবস্থায় বিপাকে পড়েছেন বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষক। 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied