কলাবাগানে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৭ দিন আগে
মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সংগ্রহ
রাজধানীর কলাবাগানের ফ্রী স্কুল স্ট্রিট রোডের একটি বাসার শয়নকক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নাদের নেহাল রনক (৩২) নিউইয়র্কের কুইন্স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
মৃত নেহাল মতিঝিল থানার আরামবাগ এলাকার আজম শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নেহালের মরদেহ তাঁর শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর গলায় পেঁচানো অবস্থায় ঝুলছিল। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আবু শরীফ জানান, আজ ভোরের দিকে খবর পেয়ে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট রোডের চতুর্থ তলার ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে বিকেলের দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আমরা নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, ওই যুবকটি নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। তার বাবাও নিউইয়র্ক প্রবাসী। তার বাবা দুটি বিবাহ করেছে। দ্বিতীয় স্ত্রী নিয়ে বর্তমানে সে নিউইয়র্কে থাকে। বিগত কয়েক মাস আগে সে ঢাকায় এসেছিল মা এবং বোনের সাথে দেখা করতে। পারিবারিক এবং মানসিক কারণে এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি। তবে নেহালের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান আছে বলে জানিয়েছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই)।