ইউক্রেন সফরে যুদ্ধ নিয়ে যা বললেন মোদি
২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছে ভারত। এর অংশ হিসেবে ইউক্রেন সফরে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ইউক্রেনে শান্তি অর্জনের প্রচেষ্টায় ‘একজন বন্ধু হিসাবে’ সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত।
গত শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে বৈঠকের সময় মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
দুই নেতার আলোচনায় দুই বছরেরও বেশি সময় আগে রাশিয়ার আগ্রাসনের পর থেকে শুরু হওয়া এই সংঘাতের বিষয়টি গুরুত্ব পায়।
মোদি বলেন, ‘সমাধানের পথ কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই খুঁজে পাওয়া সম্ভব। আর আমাদের সময় ব্যয় না করে সেদিকে অগ্রসর হওয়া উচিত। এই সংকট থেকে উত্তরণের জন্য উভয় পক্ষেরই একসাথে বসা দরকার।’
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির সাক্ষাতের ছয় সপ্তাহ পর ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর করলেন।
২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। অনেকদিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া। তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে।
#NP/MA24