আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে

Megna Tv

২৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন জামায়াতের আমির। দলটির হবিগঞ্জ জেলা শাখার আমির মাস্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল কাজী মহসিন আহমেদের পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ গুম, খুন, লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের মানুষের ওপর, ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এতটাই নির্যাতন করেছে যে, বিচারের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে।’

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আটকের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘সোনা মানিক ভারতে পালাতে গিয়ে সিলেটের সীমান্তে ধরা পড়েছে। ৬০ থেকে ৭০ লাখ টাকাও নাকি তার কাছে পাওয়া গেছে, এভাবেই তারা ধরা পড়বে।

অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত স্বচ্ছ মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘এই সরকার অত্যন্ত স্বচ্ছ। তারা দীর্ঘ দিন ক্ষমতা আঁকড়ে রাখবে না, যথা সময়ে নির্বাচন দেবে।’

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে দলটির আমির বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, আওয়ামী লীগের নির্বাহী আদেশই তো আমরা মানি না, অবৈধ কোনো সরকারের আদেশ বৈধ হতে পারে না। নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের বিষয়, আমরা আইনগতভাবেই সেটি মোকাবিলা করব।’

ছাত্র আন্দোলনে হবিগঞ্জে নিহত ১৪ জনের পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। ছাত্র আন্দোলনে নিহতদের জাতীয় বীর আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘এরা আমাদের জাতীয় সম্পদ। তাদের আত্মত্যাগের কারণে দেশ একটি জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied