কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় কারাগারের ভেতর থেকে অংশ নিচ্ছে নোয়াখালীর এক কিশোর শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার পরীক্ষা শুরু হবে।

জানা গেছে, মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরীক্ষার্থী শিক্ষার্থী। বর্তমানে তার পরীক্ষা কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যা মামলায় আসামি হওয়ার পর মাহবুবকে প্রথমে টঙ্গী কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন।

নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে তার পরীক্ষা নেয়া হচ্ছে। বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগার কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কারাগারের জেল সুপার আ. বারেক জানান, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যথাযথভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার সার্বিক আয়োজন বেশ বড় পরিসরে সম্পন্ন হচ্ছে। মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে যার মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ২৫ হাজার ১০৭ জন, দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন অংশগ্রহণ করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied