অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনে ইমরান খান
৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হতে চান। চ্যান্সেলর নিয়োগে অক্টোবরে নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে আবেদন জমা দিয়েছেন ইমরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ইমরান খানের এক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি বলেছেন, বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সাবেক কনজারভেটিভ মন্ত্রী ক্রিস প্যাটেন। তার স্থলাভিষিক্ত হতে প্রস্তুতি শুরু করেছেন ইমরান।
কয়েকশ বছর ধরে অক্সফোর্ডের চ্যান্সেলর নিয়োগে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। চ্যান্সেলর নির্বাচনে ভোট দেবেন শুধু বিশ্ববিদ্যালয়ের স্নাতক, সদস্য, অ্যাকাডেমিক স্টাফ ও কর্মীরা। তবে অনলাইনে মনোনয়ন ও ভোট গ্রহণের নতুন নিয়মের কারণে ইমরান খানের প্রার্থিতা সহজ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সীমা শেষ হয়েছে। অক্টোবরের শুরুতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।আর ২৮ অক্টোবর অনলাইনে ভোট গ্রহণ করা হবে।
১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক ই-ইনসাফ দলের প্রতিষ্ঠা করেন ইমরান। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সেনাবাহিনীর সমর্থনে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর, গত এক বছর ধরে কারাগারে রয়েছেন তিনি।
রাজনৈতিক অবস্থান ছাড়াও, ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে কাজ করার আট বছরের অভিজ্ঞতা রয়েছে ইমরানের। ১৯৭০-এর দশকে অক্সফোর্ডের কেবল কলেজে রাজনীতি, দর্শন এবং অর্থনীতি অধ্যয়ন করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলেও ছিলেন তিনি। ইমরানের অধিনায়কত্বেই ১৯৯২ সালের বিশ্বকাপ জয় করে পাকিস্তান ক্রিকেট দল।
ইমরান খান ছাড়াও চ্যান্সেলর হতে প্রার্থী হয়েছেন দুই নারী-স্কটল্যান্ডের সাবেক লর্ড অ্যাডভোকেট এবং সেন্ট হিউজ কলেজের অধ্যক্ষ এলিশ অ্যাঞ্জিওলিনি এবং শেকসপিয়র্স গ্লোবের সাবেক চেয়ারপার্সন মার্গারেট কেসলি-হেফোর্ড, সাবেক শ্রমমন্ত্রী পিটার ম্যান্ডেলসন এবং সাবেক কনজারভেটিভ নেতা উইলিয়াম হেগ।