এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
৬ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
সংগৃহীত ছবি
জেলা প্রশাসক (ডিসি) বদলি নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে নোটিশটি পাঠান কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম।
এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ অথবা প্রয়োজনীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে এ জেলায় আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হলেও সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করায় বিষয়টি আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি এ নোটিশ পাঠিয়েছেন। আমির হামজা কুষ্টিয়ায় ডিসি বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা দিতে হয় ব্ক্তব্য দিয়েছেন। তিনি জনসমক্ষে নাম প্রকাশ করুক।
উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি করে জামায়াত নেতা সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ প্রেরণ করেছেন ছাত্রদলের নেতা হৃদয় হাসান। এ আইনি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই সব ব্যক্তির নাম জনসমক্ষে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে।