পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৯

অধিকৃত পশ্চিম তীরের জেনিন, তুলকারম এবং তুবাসে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে একটি বিবৃতি তৈরি করার কথা জানিয়েছে। এর আগে, তারা পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে সোমবার নিহত পাঁচ ফিলিস্তিনি যোদ্ধার নাম প্রকাশ করে।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সংঘর্ষের তীব্রতা বেড়েছে। সেখানে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে, ইহুদি বসতি স্থাপনকারীরাও ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর ঘন ঘন হামলা শুরু করেছে

একটি পৃথক বিবৃতিতে হামাস, ইসলামিক জিহাদ এবং ফাতাহ’র সশস্ত্র শাখা বলেছে, পশ্চিম তীরের তিনটি এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছেন। ইসলামিক জিহাদ বলেছে, ইসরায়েল গাজার সংঘাতকে পশ্চিম তীরে প্রসারিত করার চেষ্টা করছে।

রয়টার্স একটি সিসিটিভি ফুটেজ যাচাই করতে সক্ষম হয়েছে যেটিতে, বুধবার জেনিনের একটি রাস্তায় ইসরায়েলি সামরিক যানবাহন চলাচল করতে দেখা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রায় ১১ মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অভিযানে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৬৬০ জনেরও বেশি যোদ্ধা ও বেসামরিক নিহত হন। ইসরায়েলি তথ্য মতে, এই সময়ের মধ্যে জেরুজালেম ও পশ্চিম তীরে হামলায় অন্তত ৩০ ইসরায়েলি নিহত হয়েছেন।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied