নারায়ণগঞ্জ হামলার ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি
১০ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
মির্জা ফখরুলের বিবৃতি
গত ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় শান্তি সমাবেশে যোগদানের জন্য শীতলক্ষ্মা নদী পার হয়ে নবীগঞ্জ কমিউনিটি সেন্টারে পৌঁছালে একদল সশস্ত্র দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলা চালানো হয়। হামলায় সে গুরুতর আহত হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১১ সেপ্টেম্বর) দলটির সহ দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃত কারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর দুষ্কৃতকারীদের বর্বরোচিত হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।
#NP/MA24