ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

Megna Tv

৮ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) হাদির চিকিৎসা–সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। চিকিৎসা সূত্র জানায়, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ বলেন, গতকালের মতো আজও বোর্ডের সব সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। রোগীর কেস সামারি প্রস্তুত করে ইতিমধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো কোন দেশ চূড়ান্ত হয়নি।

গণমাধ্যমকে ওসমান হাদি ভাই ওমর বিন হাদি জানান, আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যেতে চান তারা। এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এজন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগেই সরকারের তরফ থেকে জানানো হয়, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। তবে এর সবকিছুই হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে।

এর আগে আজ দুপুরে ওসমান হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। তাকে বিদেশে নেয়ার আলোচনা চলছে।

বোরবার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কের ফোলা (Cerebral Edema) পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে, যা একটি অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে।

রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল (Stable) রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি। চেস্ট ড্রেইন টিউব সচল রয়েছে।

হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা পূর্বের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে। রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। আজ তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট চলমান রয়েছে। রোগীর ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এ ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied