নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু
৪ দিন আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসনসহ অন্যরা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ এবং ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।
বৈঠকে শেখ হাসিনার সরকারের পতনের পর পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম, দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষাসহ নানা বিষয় উঠে এসেছে।
বৈঠক থেকে বেরিয়ে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সিনিয়র সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‘বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বর্তমান প্রেক্ষাপটে আমরা কী ভাবছি, অন্তর্বর্তী সরকার কেমন করছে, আগামীতে কী করবে, দেশের মানুষের কী প্রত্যাশা, আমাদের কী প্রত্যাশা; ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ, এ অঞ্চলে ভূরাজনীতি, রোহিঙ্গা, দুই দেশের সহায়তায় যে বিনিময়, দুই দেশের মধ্যে শিক্ষাসহ নানা বিষয় আলোচনায় এসেছে।’
‘বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন দিতে যাচ্ছে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে। নির্বাচনি কর্মকাণ্ডের জন্য কী কী পরিবর্তন দরকার, তা জানতে চেয়েছেন তারা। সেগুলো কীভাবে হচ্ছে, সার্বিকভাবে এগুলো আলোচনার পর তাদের ধারণা যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে যাবে’, বলেন আমির খসরু।