কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত
২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ছবি:সংগ্রহ
কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে সোমবার (১৫ জানুয়ারি) পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন- সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে(৪০), বদরের নেছা (১১০), সামিয়া বেগম (৩৪), রাশিদা বেগম (৩৫), মীম আক্তার (৫৪), নুসরাত জাহান (১৬), শুভপুর গ্রামের উত্তর পাড়ার খাদিজা ইসলাম মীম (৬) ও চাঁনপুর গ্রামের আবদুল্লাহ (৪)।
ঘটনাটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ ও রবিউল হাসান।
আহত সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে জানান, সোমবার সকাল বেলায় নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি কুকুর ডান পায়ে কামড় দিয়ে চলে যায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করি।
আহত বদরের নেছার আত্মীয় জয়নাল আবেদীন বলেন, গত তিন দিন তীব্র শীতের কারণে রোদের দেখা মেলেনি। সোমবার রোদ দেখা গেলে বদরের নেছাকে বাড়ির উঠানে বসতে দেখি। হঠাৎ একটি কুকুর তার পায়ে কামড় দিয়ে চলে যায়। নেছার চিৎকার শুনে আমরা তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল হাশেম বলেন, হাসপাতালে আজকে কুকুরে কামড়ানো ৮ জন রোগী এসেছেন। তার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। হাসপাতাল থেকে আহত সকলকে ভ্যাকসিন ও পর্যাপ্ত ওষুধ প্রদান করা হয়েছে।