নিজ বাসা থেকে জনপ্রিয় ইউটিউবার অ্যাডামের মরদেহ উদ্ধার

Megna Tv

১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইউটিউব জগতে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর অ্যাডাম দ্য উ আর নেই। প্রকৃত নাম ডেভিড অ্যাডাম উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেলিব্রেশন এলাকায় সোমবার (২২ ডিসেম্বর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

পিপলের প্রতিবেদনে জানা যায় ওসিওলা কাউন্টি শেরিফ দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরে একটি ‘আনঅ্যাটেন্ডেড ডেথ’-এর খবর পেয়ে ঘটনাস্থলে যান ডেপুটিরা। এক বন্ধু মই নিয়ে বাড়ির তৃতীয় তলার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন, বিছানায় শুয়ে থাকা একজন ব্যক্তি কোনো সাড়া দিচ্ছেন না। পরে ফায়ার রেসকিউ টিমের সহায়তায় ঘরে প্রবেশ করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফ অফিস আরও জানায়, অ্যাডামের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। অ্যাডামের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। ঘনিষ্ঠ বন্ধু ও ইউটিউবার জাস্টিন স্কার্ড ফেসবুকে এক আবেগঘন পোস্টে লেখেন, এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা আমার নেই। গুজবের ভিড়ে শুধু এটুকু বলতে চাই এই পৃথিবী একজন দৈত্যকে হারাল, আর আমি হারালাম রক্তের চেয়েও কাছের এক বন্ধুকে। তিনি অ্যাডামের বাবা-মা ও বোনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

আরেক বন্ধু ক্রিস ইয়ন ইনস্টাগ্রামে লেখেন, মাত্র চার দিন আগে ওর সঙ্গে দেখা হয়েছিল। গলফ কার্টে করে শহর ঘোরা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা সবই যেন এখন স্বপ্ন। বিশ্বাসই হচ্ছে না, ও আর নেই।

২০০৯ সালে ইউটিউবে যাত্রা শুরু করেন অ্যাডাম দ্য উ। ২০১২ সালে তিনি শুরু করেন জনপ্রিয় চ্যানেল ‘দ্য ডেইলি উ’, যেখানে টানা পাঁচ বছর প্রতিদিন ভ্লগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সব ৫০টি অঙ্গরাজ্য ভ্রমণের অভিজ্ঞতা, থিম পার্ক, পরিত্যক্ত শহর, ছোট শহরের গল্প, ভূতুড়ে জায়গা সব মিলিয়ে তার ভিডিও ছিল ভ্রমণ আর আবিষ্কারের এক অনন্য দলিল।

ডিজনি পার্ক নিয়ে তার গভীর আগ্রহ ও জ্ঞান তাকে আলাদা পরিচিতি এনে দেয়। ডিজনিল্যান্ড ও ডিজনি ওয়ার্ল্ড ছাড়াও ওয়াল্ট ডিজনির সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক স্থানগুলো ঘুরে তিনি নিয়মিত ভিডিও করতেন। মৃত্যুর ঠিক একদিন আগে, শনিবার (২১ ডিসেম্বর) তার ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও প্রকাশিত হয়। সেখানে ফ্লোরিডার সেলিব্রেশনের বড়দিনের সাজসজ্জা ঘুরে দেখান তিনি যা এখন ভক্তদের কাছে হয়ে উঠেছে এক বিষণ্ন স্মৃতি।





ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied