কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

Megna Tv

৪ দিন আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬


#
সংগ্রহ

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ড. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তখন ড. কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন।

রিট আবেদনকারীর দাবি অনুযায়ী— ড. এম এ কাইয়ুমের অন্য একটি দেশের নাগরিকত্ব রয়েছে (দ্বৈত নাগরিকত্ব)। তিনি নির্বাচনের হলফনামায় এই গুরুত্বপূর্ণ তথ্যটি গোপন করেছেন। সংবিধান ও আরপিও (RPO) অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব থাকলে কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

রাজধানীর রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনটি এবারের নির্বাচনে বিশেষভাবে নজর কাড়ছে। ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাহিদ ইসলাম এবং বিএনপির পক্ষ থেকে ড. এম এ কাইয়ুম—উভয়েই হেভিওয়েট প্রার্থী। গত ২ ফেব্রুয়ারি রিট দায়েরের পর থেকে এই আসনে আইনি লড়াই মাঠের প্রচারণাতেও বাড়তি মাত্রা যোগ করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আপিল বিভাগের এই শুনানি ড. কাইয়ুমের নির্বাচনি ভাগ্যের চূড়ান্ত ফয়সালা করবে বলে ধারণা করা হচ্ছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied