খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: জায়েদ খান-শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
৯ মিনিট আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
জায়েদ খান ও শাহরিয়ার নাজিম জয়
২০১৫ সালে নির্বাচনি প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মো. শাহরিয়ার ইমাম আসিপ বাদী হয়ে এ মামলাটির আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন– শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল (অব.) ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা আবু আহম্মেদ মন্নাফী, ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের তৎকালীন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী, একে এম মমিনুল হক সাঈদ, মোস্তফা জামান পপি।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এসময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।
অভিযোগে আরও বলা হয়, খালেদা জিয়াকে লক্ষ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনগুলোর ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ও জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করে।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।
NP/MN24