কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা
২২ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা
মাদকের সামাজিক ব্যাধি ও বিস্তার রোধে কুমিল্লা জেলাজুড়ে ব্যাপক ও সমন্বিত মাদকবিরোধী অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক অবক্ষয় রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক, বিচারিক আদালত-৪ গত তিন দিনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী, পরিবেশক কিংবা মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।